উরুগুইয়ান স্ট্রাইকার দারউইন নুনেজ শীঘ্রই লিভারপুল ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিতে যাচ্ছেন বলে জানিয়েছে দ্য অ্যাথলেটিক। রিপোর্টে বলা হয়েছে, লিভারপুল ও আল হিলাল নুনেজের ট্রান্সফার নিয়ে মৌখিক সমঝোতায় পৌঁছেছে। প্রাথমিকভাবে চুক্তির মূল্য নির্ধারিত হয়েছে ৫৩ মিলিয়ন ইউরো, সাথে যুক্ত রয়েছে আরও কিছু পারফরম্যান্সভিত্তিক বোনাস। ৫৩ মিলিয়ন ইউরো মানে টাকায় প্রায় সাড়ে ৭শ' কোটি।
২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড সৌদি ক্লাবটির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন, যার ফলে আলোচনা দ্রুত এগিয়েছে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে লিভারপুল ইতোমধ্যে নুনেজকে আল হিলালের সঙ্গে ব্যক্তিগত শর্তাবলী নিয়ে আলোচনা করার অনুমতি দিয়েছে।
আল হিলাল আগেই নুনেজকে তাদের প্রধান টার্গেট হিসেবে চিহ্নিত করেছিল এবং গত রবিবার থেকেই তারা দ্রুত পদক্ষেপ নেয়। ইতালির ক্লাব এসি মিলানও নুনেজে আগ্রহ দেখিয়েছিল, তবে সৌদি ক্লাবটির আর্থিক সক্ষমতার কারণে তারা পিছিয়ে পড়ে।
জানুয়ারিতে আল নাসর ৭০ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব দিলেও, মৌসুমের মাঝপথে স্ট্রাইকার বিক্রি করতে রাজি হয়নি লিভারপুল। তবে শেষমেশ, তিন মৌসুমে ৪০ গোল করলেও প্রিমিয়ার লিগে লিভারপুলের জেতা মাত্র ৮টি ম্যাচে নুনেজ মূল একাদশে ছিলেন – এই পরিসংখ্যান বিবেচনায় রেখে ক্লাব এবার তার বিদায়ে সম্মতি দিয়েছে।