পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ অসিম মুনির রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা পোষণ করেছেন—এমন খবরের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিঅর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।
ব্রিটিশ সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র এই ধরনের খবরকে ‘ননসেন্স’ বলে উল্লেখ করেছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জুলাই মাসে স্পষ্টভাবে এই গুজবগুলো নাকচ করে দেওয়ার পর আইএসপিআর আবারও নিশ্চিত করেছে।
গুজব ছড়িয়ে পড়ে, রাষ্ট্রপতি আসিফ আলি জারদারিকে পদত্যাগ করতে বলা হতে পারে বা সেনাপ্রধান রাষ্ট্রপতির দায়িত্ব নিতে যাচ্ছেন।
শাহবাজ শরিফ এই দাবিগুলোকে ‘কল্পনাবিলাস’ বলে আখ্যা দিয়ে আশ্বস্ত করেন, মিডিয়ার কিছু অংশে যেসব রিপোর্ট ঘুরে বেড়াচ্ছে, তার কোনও ভিত্তি নেই।
‘দ্য নিউজ’-কে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘ফিল্ড মার্শাল আসিম মুনির কখনো রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা প্রকাশ করেননি, এমন কোনো পরিকল্পনাও আমাদের নেই। রাষ্ট্রপতি জারদারি, ফিল্ড মার্শাল আসিম মুনির এবং আমি নিজে—এই তিনজনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও পাকিস্তানের উন্নয়নকেন্দ্রিক অভিন্ন লক্ষ্য রয়েছে।’
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি তার এক্স (টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত বিবৃতিতে এই বিষয়ে চলমান ‘বিদ্বেষমূলক প্রচারণা’-র নিন্দা জানানোর পর মন্তব্য করেন শাজবাজ শরিফ।
নাকভি বলেন, ‘আমরা ভালো করেই জানি এই বিদ্বেষমূলক প্রচারণার পেছনে কারা রয়েছে। রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলা বা সেনাপ্রধান রাষ্ট্রপতি হতে চান—এমন কোনো আলোচনা হয়নি, এমন কোনো চিন্তাও আমাদের মধ্যে নেই।’