থানায় ঢুকে পুলিশকে গালি-হুমকি, জামায়াত নেতা গ্রেপ্তার

যশোরের কেশবপুর থানার ভেতর ঢুকে মামলার তদন্ত কর্মকর্তা, ওসিকে কৈফিয়ত তলব ও মারমুখী আচরণ করায় জামায়াতে ইসলামীর পেশাজীবী সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ওজিউর রহমানকে বুধবার সকালে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার বাদী কেশবপুর থানার এস আই মোকলেছুর রহমান জানান, গত ৪ আগস্ট রাতে কেশবপুর থানা অভ্যন্তরে প্রবেশ করে তার চাচাতো ভাই লক্ষীনাথকাঠি গ্রামের শহীদুল ইসলামের নামে মামলা রেকর্ড করায় অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও পুলিশকে হুমকি দেন অ্যাডভোকেট ওজিউর রহমান। এ ঘটনায় কেশবপুর থানায় মামলা হয়েছে। এ মামলার তদন্ত কর্মকর্তা এস আই সাইমুন হাসান অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, পুলিশের কাজে বাধা দেওয়া ও হুমকির ঘটনায় অ্যাডভোকেট ওজিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে নেওয়ার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।