ঢাকাবাসীর দুর্ভোগের জন্য বিএনপি’র দুঃখ প্রকাশ

ছাত্র-গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার (৬ আগস্ট) বিএনপি’র উদ্যোগে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিজয় র‌্যালী অনুষ্ঠিত হয়। এতে ঢাকাবাসী যানজটের কারণে দুর্ভোগের শিকার হওয়ায় দুঃখ প্রকাশ করেছে বিএনপি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়। গতকাল ৫ আগস্ট ছিল ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি।

আরও বলা হয়, আজ ৬ আগস্ট ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি’র উদ্যোগে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। এই বিজয় র‌্যালিতে অসংখ্য মানুষের সমাগম হয়। বিজয় র‌্যালি চলাকালে ঢাকাবাসীকে সড়কে যানযটে পড়ে দুর্ভোগ পোহাতে হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি কর্তৃক আয়োজিত বিজয় র‌্যালির কারণে ঢাকাবাসীকে অনাকাঙ্ক্ষিত কষ্ট দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।