ঢাকায় বজ্র বৃষ্টির পূর্বাভাস, আকাশ থাকবে আংশিক মেঘলা 

ঢাকাসহ সারা দেশে টানা বৃষ্টি হচ্ছে। ঢাকার আশেপাশের এলাকায়ও বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রাও কমে যেতে পারে বলে জানায় সংস্থাটি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

এ সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সাধারণত সামান্য কমে যেতে পারে।

এদিকে আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।