ঢাকা-টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার বিলাসপুর এলাকায় পিকআপ-মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন একজন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- জামালপুরের মেলান্দহ উপজেলার চরপালিশা গ্রামের জিন্নত আলীর ছেলে আল আমিন (৩০), আমিনুল ইসলামের ছেলে স্বপন মিয়া (৩৫) ও জামালপুর সদর উপজেলার হাসিল মানকা বাড়ি গ্রামের নূর ইসলামের ছেলে জুয়েল মিয়া (৩২)। আহত ব্যক্তি হলেন- ময়মনসিংহ সদর উপজেলার পান্ডা পাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে মো. সানী (১৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মালামাল ভর্তি একটি পিকআপ মধুপুর থেকে জামালপুরের দিকে যাচ্ছিলো। পিকআপটি টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের বিলাসপুর এলাকায় পৌছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ও পিকআপ চালক আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ওই তিনজনকে মৃত বলে ঘোষনা করেন।
আহত সানীর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহত তিনজনের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহিদুল্লাহ বলেন, আহত ব্যক্তি সানীর সাথে আমার কথা হয়েছে। তিনি সুস্থ আছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।