গ্যালারি থেকে মেসি দেখলেন সুয়ারেজের গোল উৎসব

লিওনেল মেসিকে ছাড়াই পুমাসের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ম্যাচটিতে বল পায়ে রাজত্ব করেছেন লুইস সুয়ারেজ। অভিজ্ঞ এই উরুগুইয়ান তারকা নিজে একটি গোল করার পাশাপাশি দুটি গোল করিয়েছেন। তার মানে, দলের তিনটি গোলেই রেখেছেন অবদান।

গত শনিবার নেকাক্সার বিপক্ষে ম্যাচে ডান পায়ের পেশিতে সামান্য আঘাত পেয়েছিলেন মেসি। যে কারণে আজকের ম্যাচে তাকে খেলানো হয়নি। তবে তিনি চেজ স্টেডিয়ামের একটি স্যুটে বসে দেখেছেন সতীর্থদের দাপুটে ফুটবল। এই জয়ে ইন্টার মায়ামি পৌঁছে গেল কোয়ার্টার-ফাইনালে। লিগ কাপের স্ট্যান্ডিংয়ে ৮ পয়েন্ট অর্জনকারী মায়ামি হলো প্রথম এমএলএস ক্লাব যারা টুর্নামেন্টের নক-আউট পর্বে পৌঁছেছে।

চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৩৪তম মিনিটে জর্জ রুভালকাবার গোলে এগিয়ে গিয়েছিল পুমাস। এর ১১ মিনিট পরই সুয়ারেজের অ্যাসিস্ট থেকে মায়ামির হয়ে নিজের প্রথম গোলটি করেন রদ্রিগো ডি পল। ম্যাচে ফেরে সমতা। এর আগে গত বুধবার অ্যাটলাসের বিপক্ষে লিগ কাপের উদ্বোধনী ম্যাচে অভিষেক হয়েছিল জাতীয় দলের বন্ধু মেসির সাথে খেলতে আসা তারকা আর্জেন্টাইন মিডফিল্ডার ডি পলের।

বিরতির পর ৫৯ মিনিটে ডি বক্সের ভেতর পুমাসের ডিফেন্ডার হোসে কাইসেডোর হাতে বল লাগায় পেনাল্টি পায় মায়ামি। নিখুঁত পেনাল্টি কিক থেকে গোল করে স্কোরলাইন ২-১ করে ফেলেন সুয়ারেজ। গত ২৩ জুন পালমেইরাসের বিপক্ষে ইন্টার মিয়ামির ক্লাব বিশ্বকাপের ম্যাচে গোল করার পর এটি ছিল সুয়ারেজের প্রথম গোল। সুয়ারেজের আরেকটি অ্যাসিস্টে ৬৯ মিনিটে জয়সূচক গোলটি করেন তাদেও আলেন্দে।