সাড়ে ছয়শ শিকার ধরে শীর্ষে রশিদ; সেরা পাঁচে সাকিব

আফগানিস্তান জাতীয় দল তো বটেই, বিশ্বজুড়ে সকল ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে রশিদ খান অত্যাবশ্যকীয় নাম। তার চাহিদা এতটাই বেশি যে, এখন বেছে বেছে লিগ খেলেন। সেই আফগান তারকাই এবার স্বীকৃত টি-টোয়েন্টিতে সাড়ে ছয়শ উইকেটের মালিক হয়ে গেলেন। সেরা পাঁচে আছেন বাংলাদেশের কিংবদন্তি স্পিনার সাকিব আল হাসান।

ইংল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘দ্য হানড্রেডে’ ৩ উইকেট নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে রশিদ সাড়ে ছয়শ বা তার বেশি উইকেট নিয়েছেন। হানড্রেড ১০০ বলের খেলা হলেও এর রেকর্ডকে টি-টোয়েন্টির মধ্যেই ধরা হয়। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ওভাল ইনভিন্সিবলের হয়ে লন্ডন স্প্রিটের বিপক্ষে ৩ উইকেট শিকার করেন রশিদ। এতে তার উইকেটের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫১টি।

এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অল-রাউন্ডার ডোয়াইন ব্রাভো (৬৩১)। তৃতীয় স্থানে আছেন আরেক ক্যারিবিয়ান সুনিল নারাইন। ৫৮৯টি উইকেটের মালিক নারাইন এখনো বিশ্বের শীর্ষ সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ান। পরের দুটি স্থানে আছেন যথাক্রমে দক্ষিণ আফ্রিকার সাবেক লেগ স্পিনার ইমরান তাহির (৫৪৭ উইকেট) এবং বাংলাদেশের অল-রাউন্ডার সাকিব আল হাসান (৪৯৮ উইকেট)।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট শিকারের দিক দিয়ে সবার ওপরে আছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদি (১৬৪ উইকেট)। তিনটি উইকেট কম নিয়ে দ্বিতীয় স্থানে রশিদ খান। আসন্ন এশিয়া কাপেই হয়তো তিনি শীর্ষে উঠে যাবেন। ১৪৯ উইকেট নিয়ে চতুর্থ স্থানে আছেন সাকিব। ১২টির মতো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলা রশিদ সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন আইপিএলে- ১৫৮টি। এছাড়া বিগ ব্যাশে নিয়েছেন ৯৮টি।