মাদারীপুরে ভিমরুলের কামড়ে আলিফা নামে তিন বছরের এক শিশু মারা গেছে। একই সঙ্গে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে আরও এক শিশু। বুধবার (৬ আগস্ট) বিকালে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যের চর এলাকায় এ ঘটনা ঘটে।
পরে সন্ধ্যায় জেলা শহরের নিরাময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশু মারা যায়। নিহত আলিফা মধ্যের চর এলাকার প্রবাসী রাজু মাতুব্বরের একমাত্র মেয়ে।
স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার মধ্যের চর এলাকায় বাড়ির পাশের রাস্তার উপরে এক শিশুর সাথে খেলা করছিল আলিফা। এসময় রাস্তার পাশে থাকা ভিমরুলের বাসা থেকে হঠৎ ভিমরুল এসে শিশু দুইটির সারা শরীরে কামড়ায়। পরে শিশুদের চিৎকার শুনে আশপাশের লোকজন তাদের জেলা শহরের নিরাময় হাসপাতালে নিয়ে যায়।
কিন্তু ভিমরুলের বিষক্রিয়ায় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আলিফা মারা যায়। ভিমরুলের কামড়ে আহত অপর ছেলে প্রাইভেট এক হাসপাতালে ভর্তি আছে। তবে নাম ঠিকানা পাওয়া যায়নি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন।