সরাইলের এমপি হতে চান ডা. ফরিদুল হুদার সন্তান বিপ্লব

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ফরিদুল হুদার সন্তান ডা. নাজমুল হুদা বিপ্লব। বৃহস্পতিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভায় এই ঘোষণা দেন তিনি। এ সময় তিনি লিখিত বক্তব্যে তার নির্বাচনী এলাকায় কি কি করবেন তা জানান।

তিনি বলেন, আমার বাবা ভাসানী ন্যাপের অন্যতম নেতা। পরবর্তীতে বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন। তিনি অন্য বন্ধুদের মতো বিদেশে না গিয়ে বা কোন কম্পানিতে যোগ না দিয়ে নিজ এলাকার মানুষের চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। মন্ত্রী হওয়ার পরেও সংসার চালানোর জন্য জমি বিক্রি করতে হয়েছিল। আমার চাচাও পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তারও কোন অর্থবিত্ত ছিল না।

ডা. নাজমুল হুদা বিপ্লব বলেন, আমি আমার বাবা ও চাচার মতো নিজ এলাকার লোকদের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করব। জনসাধারণের জীবনমান উন্নয়নে কাজ করব। আশুগঞ্জ নদীবন্দরসহ কৃষিজমি ও হাওর এলাকার অর্থনীতি ঠিক রাখতে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনে কাজ করব।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি গোলাম সারুয়ার খোকন, প্রচার সম্পাদক মো. মাহিন, অ্যাডভোকেট সামসুজ্জামান কানন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরমান উদ্দিন পলাশ, ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদ কবির আখন্দ, ড্যাব নেতা আক্তার হোসেন, সরাইল বিএনপির সহসভাপতি আবুল কাসেম, শিক্ষা সম্পাদক জেলা যুবদল শেকুল ইসলাম, কবির শিকদার, আবুল কাসেম প্রমুখ।