অর্থপাচার মামলায় হাইকোর্টে খালাস পেলেন জি কে শামীম

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় ১৯৫ কোটি টাকা পাচারের মামলায় যুবলীগ নেতা ও ঠিকাদার জি কে শামীমকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায় বাতিল করে খালাস দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. যাবিদ হোসেন এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালত তার আপিল মঞ্জুর করে এ রায় ঘোষণা করেন।

এর আগে, ২০২৩ সালের ১৭ জুলাই, ঢাকার একটি বিশেষ আদালত অর্থপাচার মামলায় জি কে শামীমকে ১০ বছরের কারাদণ্ড দেন। একই মামলায় তার সাত দেহরক্ষীকেও দণ্ড দেওয়া হয়েছিল।

২০১৯ সালের ২০ সেপ্টেম্বর, চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগে জি কে শামীমকে তার অফিস থেকে বিপুল পরিমাণ নগদ টাকা, বিদেশি মুদ্রা, অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করে র‍্যাব।

পরবর্তীতে তার বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়। ২০২০ সালের ৪ আগস্ট, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) শামীমসহ তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে আদালতে অর্থপাচারের চার্জশিট দাখিল করে। একই বছরের ১০ নভেম্বর ঢাকার একটি আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

অবশেষে, ২০২৩ সালে আদালতের রায়ে তাদের প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু আজ হাইকোর্ট সেই রায় বাতিল করে জি কে শামীমকে খালাস দেন।