মাদারীপুরে দুই মন্দিরের মূর্তি ভাঙচুর

মাদারীপুরে সনাতন ধর্মাবলম্বীদের গণেশ পাগল মন্দির ও রাধা কৃষ্ণ মন্দিরের ৪টি মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর ৩টার দিকে জেলার সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের পর্বতবাগান দিঘীরপাড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর থানার পুলিশ।

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পর্বতবাগান দিঘীরপাড় এলাকায় পাশাপাশি ৬টি মন্দির রয়েছে। সেখানে নিয়মিত পূজা অর্চনার মাধ্যমে ধর্মীয় রীতিনীতি পালন করে থাকেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

বৃহস্পতিবার ভোর ৩টার দিকে ওই মন্দিরগুলোর মধ্যে গণেশ পাগল মন্দিরের তিনটি গণেশ পাগলের মূর্তি ও রাধা কৃষ্ণ মন্দিরের কৃষ্ণের মূর্তি ভাংচুর করে দুর্বৃত্তরা। এসময় আওয়াজ শুনতে পান স্থানীয়রা। পরে কয়েকজন ঘর থেকে বের হলে টের পেয়ে ভাঙচুরকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে ৯৯৯-এ কল দিলে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে মাদারীপুর সদর থানার পুলিশ।

প্রত্যক্ষদর্শী পলাশ বাড়ৈ জানান, রাত ৩টার দিকে ওয়াসরুমে যাওয়ার জন্য বের হলে একটা শব্দ শুনতে পাই। এসময় দ্রুত দৌড় দিয়ে টর্চলাইট আনতে যাই। কিন্তু এসে দেখি কেউ নাই, মূর্তিগুলো ভেঙে মাটিতে পড়ে আছে। পরে লোকজন ডাক দিয়ে তাদেরও দেখাই। তারপর ৯৯৯-এ কল দিলে পুলিশ আসে।

‎স্থানীয় সবিতা রানী জানান, সকালে ঘুম থেকে উঠে দেখি গণেশ পাগলের ৩টি মূর্তি ভাঙা। এরমধ্যে ছোট দুইটি মূর্তি নিচে পড়ে আছে আর বড় একটি কাত হয়ে ঝুলে আছে। পরে পুলিশের কথায় বড়টা উঠাইছি। এছাড়া কৃষ্ণের মূর্তির ৩টি আঙুল ভেঙে ফেলেছে। আমার ভাই পলাশ রাতেই দেখেছে। আমি এই জায়গার জন্য অনেক কষ্ট করি। এ ঘটনা যারা করছে আমি তাদের শাস্তি চাই।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, ঘটনা শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।