জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের খসড়া তালিকার বিরুদ্ধে আবারও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলাবাসী। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই অবরোধ।
প্রায় ২ ঘণ্টাব্যাপী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধে দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। এসময় উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসা হাজার মানুষ ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
এসময় আন্দোলনকারীরা বলেন, স্বাধীনতার পর থেকে তিতাস পূর্বাঞ্চলের ১০টি ইউনিয়নকে নিয়ে বিভিন্নভাবে অবহেলিত করে রাখা হয়। এখনো বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার এই চক্রান্তের মাধ্যমে আমাদের এলাকার উন্নতি ব্যাহত করার পাঁয়তারা করা হচ্ছে।
এমন জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে বিজয়নগর উপজেলাবাসী ঐক্যবদ্ধ বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার ক্ষোভ প্রকাশ করে দ্রুত পূর্বের সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বহাল রাখার দাবি জানানো হয়।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ)-এর সঙ্গে যুক্ত করার খবরে ক্ষোভে ফেটে পড়েছে বিজয়নগর উপজেলাবাসী। উক্ত ইউনিয়নগুলো হলো, বুধন্তী, চান্দুরা ও হরষপুর ইউনিয়ন। ভৌগোলিকভাবে ইউনিয়নগুলো উপজেলা সদরের নিকটবর্তী এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ইউনিয়ন।
এসময় উপস্থিত ছিলেন, দ্বিখণ্ডিত বিজয়নগর প্রতিরোধ সর্বদলীয় সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের প্রতিনিধি সহ উপজেলার সর্বস্তরের কয়েক হাজার সাধারণ মানুষ।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ৩৯টি আসনের সীমানায় রদবদল এনে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানায় রদবদল এনে খসড়া এ তালিকার ওপর আগামি ১০ আগস্ট পর্যন্ত অভিযোগ, দাবি ও আপত্তি জানানোর সুযোগ রয়েছে। ওইসব দাবি-আপত্তি শুনানি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।