ভারতের ব্যাটিং কিং বিরাট কোহলির ক্রিকেটীয় গুণাবলী আর নতুন করে বলার কিছু নেই। দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি অসাধারণ ফিল্ডিং এবং আগ্রাসী নেতৃত্বে তিনি পরিপূর্ণ একটি প্যাকেজ। প্রয়োজনে হাত ঘুরিয়ে এক-দুই ওভার বলও করে দিতে পারেন। তবে মাঠের বাইরের বিরাট কোহলির আরও কিছু গুণ আছে, এবার সেগুলো সামনে আনলেন মহেন্দ্র সিং ধোনি।
মাঠের খেলায় নানারকম অঙ্গভঙ্গি করে কোহলি আলোচিত-সমালোচিত হয়েছেন। তাকে এবার ‘বিনোদনের ফুল প্যাকেজ’ বললেন ধোনি। এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘কোহলি দারুণ গান গায়, ভালো নাচতেও পারে, মানুষকে দারুণভাবে নকল করতে পারে, আর প্রচুর মজা করতে জানে। যদি ওর মুড থাকে, তাহলে এত বিনোদন দেবে যে— আপনি কল্পনাও করতে পারবেন না।’
অবশ্য দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন টিভি শোতে কোহলিকে নাচতে দেখা গেছে। সংবাদ সম্মেলন বা সাক্ষাৎকারে তার রসবোধের পরিচয়ও বারবার পাওয়া গেছে। তবে সে যে ভালো গানও গায়, আর লোকজনের অভিনয় করে নকল করতেও পারে—এই দিকটা এতদিন কারও নজরে ছিল না। সেটা এবার প্রকাশ করলেন ভারতের সাবেক সফলতম অধিনায়ক ধোনি।
উল্লেখ্য, মাঠের বাইরেও কোহলি আর ধোনির বিবাদ নিয়ে অনেক গুঞ্জন থাকলেও তাদের মাঝে সবসময়ই সুসম্পর্ক ছিল। অধিনায়কত্ব ছাড়ার পর কোহলি একবার বলেছিলেন, ‘আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই— টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর যাদের সঙ্গে আগে খেলেছি, তাদের মধ্যে শুধু একজনই আমাকে মেসেজ করেছিলেন। তিনি মহেন্দ্র সিং ধোনি। অনেকের কাছেই আমার নম্বর আছে, টিভিতে তারা কত উপদেশ দেয়, কিন্তু কেউ একটা মেসেজও পাঠায়নি।’