গাজা শহরের দক্ষিণাঞ্চলে মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সুলেমান আহমেদ জাইদ আল-ওবেইদ।
৪১ বছর বয়সী এই ফুটবলারকে ৬ আগস্ট লক্ষ্য করে চালানো এক ইসরায়েলি বিমান হামলায় হত্যা করা হয় বলে জানিয়েছে গাজার চিকিৎসা কর্তৃপক্ষ।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়: "সুলেমান আল-ওবেইদ, ফিলিস্তিন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক, ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন। তিনি গাজার দক্ষিণাঞ্চলে মানবিক সহায়তা নিতে অপেক্ষারত সাধারণ মানুষের ভিড়ে ছিলেন। এ হামলা সরাসরি বেসামরিক মানুষকে লক্ষ্য করে চালানো হয়।"
সুলেমান ওবেইদ ফিলিস্তিনের গাজা স্ট্রিপের শাবাব আল-শাতি (বিচ সার্ভিসেস ক্লাব) ক্লাব থেকে ফুটবল ক্যারিয়ার শুরু করেন। এরপর পশ্চিম তীরের আল-আমারি ক্লাবেও খেলেন তিনি।
২০১০ সালের ওয়েস্ট এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে ইয়েমেনের বিপক্ষে করেন তার প্রথম আন্তর্জাতিক গোল। জাতীয় দলের হয়ে ২০১২ সালের এএফসি চ্যালেঞ্জ কাপ বাছাইপর্ব এবং ২০১৪ বিশ্বকাপ বাছাইপর্বেও অংশ নেন তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে সুলেমান ওবেইদ শতাধিক গোল করেছেন। ২০১৬, ২০১৭ ও ২০১৮—টানা তিন মৌসুমে গাজা প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জেতেন তিনি। তিনি ছিলেন ফিলিস্তিন ফুটবলের উজ্জ্বলতম তারকাদের একজন। জাতীয় দলের হয়ে খেলেছেন ২৪টি ম্যাচ, করেছেন ২টি গোল। ছিলেন দলের অধিনায়কও।
পিএফএ আরও জানায়, সুলেমান ওবেইদ এই যুদ্ধকালীন সময়ে নিহত হওয়া তৃতীয় জাতীয় দলের ফুটবলার। সব মিলিয়ে গাজা আগ্রাসনে নিহত ক্রীড়াঙ্গনের ৬৬২তম সদস্য। এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে মৌয়িন আল-মাঘরিবি এবং মার্চে মোহাম্মদ বারাকাত ইসরায়েলি হামলায় নিহত হন।