পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় চালক-হেলপার নিহত

রংপুরের পীরগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের বড় দরগাহ আন্ডারপাসের উত্তরে ছোট মির্জাপুর এলাকার মহাসড়কের রংপুর মুখী লেনে সড়ক দুর্ঘটনায় পিকআপ গাড়ির চালকসহ হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর থেকে ছেড়ে আসা একটি ছোট কাভার্ড ভ্যান (পিকআপ) বেপরোয়া গতিতে ঘটনাস্থলে অজ্ঞাতনামা একটি কড় গাড়ির পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে পিকআপ গাড়ির চালক বাইজিদ ও ঢাকা জেলার নবাবগঞ্জ থানার পাইকসা গ্রামের সোহেল ব্যাপারীর ছেলে মুশফিক রক্তাক্ত ও জখমপ্রাপ্ত হন। পরে বড়দরগাহ হাইওয়ে পুলিশের মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় তাদের উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বড় দরগাহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। পিকআপ গাড়িটি হেফাজতে নেওয়া হয়েছে।