খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে ইউসুফ (২৩) নামে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৪টার দিকে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। পলাতক ইউসুফ নগরীর খালিশপুর থানার আলমনগর মোড়ের বাসিন্দা।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গত বুধবার দুপুরে নগরীর আলমনগর মোড় থেকে ২০ পিস ইয়াবাসহ ইউসুফকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রাতেই খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়। রাতে বুকে ব্যথা অনুভব হলে তাকে হাসপাতালে পাঠানো হয়।
খালিশপুর থানার এএসআই মো. নাসির উদ্দিন বলেন, “বুকে ব্যথার কারণে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দেখানো হলে চিকিৎসক তার রোগ শনাক্ত করতে পারেনি। ইউসুফ একেক সময় একেক রকম কথা বলছিল। তখন চিকিৎসকের নির্দেশে তাকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখান থেকে রাত সাড়ে ৯টায় প্রিজন সেলে রেখে জিডি করে আমি চলে আসি।”
প্রিজন সেলের ইনচার্জ এস আই শামীম রেজা জানান, প্রিজন সেলে দুইজন আসামি ছিল। তাদের মধ্যে বয়স্ক আসামি রাত সাড়ে ৩টায় বাথরুমে যাওয়ার প্রয়োজন জানান। তখন দায়িত্বরত কনস্টেবল রাব্বি আলী তার জন্য প্রিজন সেলের দরজার তালা খুলে দেন এবং তাকে বাথরুমে নিয়ে যান। কিন্তু ভুল করে দরজার তালাটি পুনরায় বন্ধ করতে ভুলে যান। বাথরুম শেষে ফেরত আসার পর দেখা যায় ইউসুফ নেই। বাইরের কারারক্ষীদের যে গেট, সেটিরও তালা খোলা থাকায় সে পালিয়ে যায়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ- কমিশনার (দক্ষিণ) মো. আবু তালেব জানান, প্রিজন সেলের ভেতরে নিরাপত্তার দায়িত্ব পুলিশের। বাইরের প্রধান ফটকে নিরাপত্তায় থাকেন কারারক্ষীরা। দুই পক্ষের গাফিলতি ছিল। অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
খুলনার জেল সুপার নাসির উদ্দিন প্রধান বলেন, “আমাদের লোকদের (প্রিজন সেলের রক্ষী) যদি কোনো গাফিলতি থাকে তাহলে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”