দুই মাসের ব্যবধানে ফের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পাক সেনাপ্রধান

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ অসিম মুনির চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। দুই মাসের কম সময়ের ব্যবধানে এটি হবে তার দ্বিতীয় সফর।

পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, অসিম মুনির যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রধান জেনারেল মাইকেল কুরিলার বিদায় সংবর্ধনায় অংশ নেবেন। পাকিস্তান সম্পর্কে ইতিবাচক বক্তব্যের জন্য পরিচিত জেনারেল কুরিলা। সম্প্রতি তিনি পাকিস্তান সফর করেছেন। তখন দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি তাকে ‘নিশান-ই-ইমতিয়াজ (মিলিটারি)’ পদকে ভূষিত করেন।

তবে মুনিরের এই সফরে অন্য কোনো কর্মসূচি রয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

পাক সেনাপ্রধান সর্বশেষ গত জুন মাসে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। ওই সময় তিনি হোয়াইট হাউসের ক্যাবিনেট রুমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠক করেন। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মার্কো রুবিও, মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উপস্থিত ছিলেন।

সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হয় যখন পাকিস্তান ও ভারতের মধ্যে একটি সশস্ত্র সংঘাত চলছিল। ওই সময়ে যুক্তরাষ্ট্র দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে।

ওই বৈঠকে ইরান-সংক্রান্ত তৎকালীন উত্তেজনাও আলোচনায় আসে। পাশাপাশি অসিম মুনির যুক্তরাষ্ট্র-ভারত সংঘাতে মধ্যস্থতাকারী হিসেবে ট্রাম্পের ‘গঠনমূলক ও ফলপ্রসূ ভূমিকা’র প্রশংসা করেন।

দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা ওই বৈঠকে দু’দেশের মধ্যকার সম্ভাব্য সহযোগিতার নানা ক্ষেত্র—বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, খনি ও খনিজসম্পদ, কৃত্রিম বুদ্ধিমত্তা, জ্বালানি, ক্রিপ্টোকারেন্সি এবং উদীয়মান প্রযুক্তি—নিয়ে আলোচনা হয়।

অসিম মুনিরের সফরের পর থেকেই পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে।