সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এসএম আসলাম ও জেলা তরুণ দলের সভাপতি টিএইচ তোফাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

চাঁদাবাজির অভিযোগে বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসও এলাকার নিজ বাসা থেকে আসলামকে ও রাত ১২টায় আজিবপুর এলাকার নিজ বাসা থেকে টিএইচ তোফাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।  

এসএম আসলাম নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়কের পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি ও টিএইচ তোফা জেলা তরুণ দলের সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) জহির জানান, গ্রেপ্তারকৃত আসলামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩ (২) ধারায় ডিটেনশনের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়েছে। টিএইচ তোফার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) / ২৫ ধারা তৎসহ পেনাল কোডের ৪৩৫ ধারায় মামলা রয়েছে। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তাদেরকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩ (২) ধারা মোতাবেক ৩০ দিনের আটকাদেশ প্রদান করেছেন। ফলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। 

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, আসলাম ও তোফাকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদাবাজি ছাড়াও তাদের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসএম আসলাম গোদনাইল এসও এলাকায় মেঘনা জ্বালানি তেলের ডিপুতে আধিপত্য বিস্তার করে চোরাই তেলের ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অন্যায় অপকর্মে জড়িয়ে পড়ে। টিএইচ তোফা শিমরাইল মোড় ও
আশপাশ এলাকায় সরকারি জমি দখল করে ফুটপাত দোকান নির্মাণ করে ভাড়াবাণিজ্য, চাঁদাবাজি ও জমি দখলসহ নানা অপকর্ম শুরু করেন।