গাজীপুরে ভুয়া আখ্যা দিয়ে পুলিশের সামনে প্রকাশ্য দিবালোকে এক সাংবাদিক বেধড়ক পিটিয়ে গুরুত্বর আহত করেছে একদল দুর্বৃত্ত। বুধবার বিকালে গাজীপুর জেলা শহরের সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা ওই যুবককে পিটিয়ে এবং ইট দিয়ে শরীরের বিভিন্ন অংশ থেতলে দিয়েছে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। আহত ওই যুবকের নাম মো. আনোয়ার হোসেন। তিনি বাংলাদেশের আলো নামে একটি দৈনিক পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শহরের রেলগেইট ও সাহাপাড়া এলাকায় ফুটপাত থেকে অবৈধভাবে চাঁদাবাজির প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে দূর্বৃত্তরা আনোয়ার হোসেনকে বেধড়ক মারধর করে এবং ইট দিয়ে তার পা সহ শরীরের বিভিন্ন অংশ থেতলে দেয়। তার ওপর হামলার সময় পাশেই পুলিশ অবস্থান করলেও প্রথমে তাকে উদ্ধারে পুলিশ এগিয়ে আসেনি। পুলিশ ঘটনাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
মারধরের পরে পুলিশ এগিয়ে এসে ওই যুবককে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আহত আনোয়ার হোসেনের মা বাদি হয়ে সদর মেট্রো থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।