গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর (হিঙ্গারপাড়া) গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ ঘটনায় মামলা দায়েরের পরও অভিযুক্ত আসামিরা ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সর্বস্ব হারিয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটছে ক্ষতিগ্রস্ত রবিউল ইসলামের পরিবারের।
ঘটনার প্রতিবাদে ও সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার (৮ আগস্ট) সকালে ধাপেরহাট বন্দরে গোবিন্দপুর (হিঙ্গারপাড়া) গ্রামবাসী আয়োজিত মানববন্ধনে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এতে ভুক্তভোগী ব্যবসায়ী রবিউল ইসলাম ও তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা জানান, রবিউল ইসলাম (৪০) ও একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুর রহিম মিয়ার (৫০) মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গত ১৭ জুন রাতে রহিম মিয়ার নেতৃত্বে দলবদ্ধ হয়ে লোকজন পেট্রোল ঢেলে রবিউলের বসতবাড়িতে আগুন দেয়। অগ্নিকাণ্ডে পুড়ে যায় চার কক্ষবিশিষ্ট আধাপাকা ও একটি টিনসেড ঘর এবং একটি মনোহারি দোকান।
রবিউল ইসলামের দাবি, আগুনে বাড়ি, নগদ টাকা ও মালামালসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ওই ঘটনার তিন দিন পর গত ২০ জুন তিনি সাদুল্লাপুর থানায় রহিম মিয়াসহ সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন। কিন্তু দেড় মাস পার হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। এমনকি তদন্তেও কোনো অগ্রগতি নেই। উল্টো আসামিরা মামলা তুলে নিতে তাকে ও তার পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় মানববন্ধনে বক্তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। শুধু তাই নয়, যে কোনো মুহূর্তে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিরও আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ‘অগ্নিসংযোগের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। দ্রুতই এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’