চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচের আর মাত্র দিন দশেক বকি। প্রথমবারের মতো নিউজিল্যান্ড জাতীয় রাগবি দলে ডাক পেয়েছেন লিরয় কার্টার। কিন্তু তার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তটা প্রায় দুঃস্বপ্নে রূপ নিচ্ছিল পোষা কুকুরের সৌজন্যে। কার্টার জাতীয় দলে ডাক পাওয়ার পর তার পাসপোর্ট চিবিয়ে নষ্ট করে ফেলে সেই পোষা কুকুর!
আর্জেন্টিনার বিপক্ষে রাগবি চ্যাম্পিয়নশিপের প্রথম দুই ম্যাচ খেলতে নিউজিল্যান্ড দল আজ শুক্রবার দেশ ছাড়বে। সেই সফরের দলে প্রথমবার জায়গা পেয়েছেন কার্টার। দলে যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নিতে গিয়েই বিপাকে পড়েন কার্টার। তার ভাষায়, ‘পাসপোর্টটা বের করে ছবি তুলে দলের ম্যানেজারকে পাঠালাম। এরপর সেটা বিছানার পাশের টেবিলে রেখে দেই। আমার পার্টনার তখন জিমে, আর পোষা কুকুরটি বাসায় একাই ছিল।’
পরবর্তী ঘটনার বিষয়ে কার্টার বলেন, ‘হঠাৎ আমার পোষা কুকুর করিডোর পেরিয়ে বিছানায় উঠে পড়ে। এরপর পাসপোর্ট আর দাঁতের অ্যালাইনার—দুটোই চিবিয়ে ছ্যাবড়া বানিয়ে দিয়েছে! যাচ্ছেতাই একটা অবস্থা হয়েছিল। ইমার্জেন্সি পাসপোর্টের জন্য দৌড়াদৌড়ি করতে হয়েছে। এখন মনে হচ্ছে, সব ঠিকঠাক হয়ে গেছে। কেন যেন আগে থেকেই মনে হচ্ছিল, আমার সঙ্গে এমন কিছুই ঘটতে পারে।’