জুলাই ঘোষণাপত্র শুরু হয়েছে মিথ্যা দিয়ে: ফরহাদ মজহার

জুলাই ঘোষণাপত্র শুরু হয়েছে মিথ্যা দিয়ে বলে অভিযোগ করেছেন লেখক ও চিন্তক ফরহাদ মজহার। আজ শুক্রবার (৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ করেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, জুলাই ঘোষণাপত্র ২০২৫’-এর শুরুতেই দাবি করা হয়েছে- ‘১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা করে জাতীয় মুক্তির লক্ষ্যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল’...ইত্যাদি। ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশ স্বাধীনতা ঘোষণার সরাসরি কোনও প্রমাণ নাই। ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাদের ‘অপারেশন সার্চলাইট’-এর পর শেখ মুজিবর পাকিস্তানিদের হাতে ধরা দেন। চট্টগ্রামে শেখ মুজিবের পক্ষে মেজর জিয়াউর রহমান এবং আওয়ামী লীগ নেতারা স্বাধীনতার ঘোষণা-সংক্রান্ত বার্তা প্রচার করেছিলেন বটে, কিন্তু ২৬ মার্চের ঘোষণাটি নিয়ে মতভেদ আছে। রাজনৈতিক ও আইনি দিক থেকে একে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা বলা যায় না। তবে অনস্বীকার্য যে সেটা ছিল পাকিস্তানি সেনাদের গণহত্যার প্রতিক্রিয়ায় প্রতিরোধের আহ্বান, যা পরবর্তীতে ১০ এপ্রিলের ‘মুজিবনগর সরকার’-এর ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিক ও সাংবিধানিক রূপ পায়।

তিনি লেখেন, একাত্তর সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষিত হয়েছিল সেটা রাজনৈতিক ও সাংবিধানিক উভয় অর্থেই ভুল। রাজনৈতিক ও সাংবিধানিক অর্থে বাংলাদেশের স্বাধীনতা ‘ঘোষিত’ হয়েছিল পরে— প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকারের ঘোষণাপত্রের মাধ্যমে।

তিনি আরও উল্লেখ করেন, বাহাত্তরে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে বলে দাবি করা হয়েছে – সেটাও ঠিক নয়। মিথ্যা। স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশের জনগণের দ্বারা গণপরিষদ’ নির্বাচন হয়নি। যারা পাকিস্তানের সংবিধান প্রণয়ণের জন্য পাকিস্তান সেনাবাহিনীর লিগাল ফ্রেম ওয়ার্কের অধীনে নির্বাচিত হয়েছিল সেই সকল পাকিস্তানিদেরই বাংলাদেশের গণপরিষদ সদস্য ঘোষণা দিয়ে তাদের দ্বারাই দিল্লি বাহাত্তরের সংবিধান আমাদের ওপর চাপিয়ে দিয়েছে। সেই সংবিধানই শেখ হাসিনার হাতে আরও ফ্যাসিস্ট রূপ পরিগ্রহণ করেছে এবং এখনও জুলাই গণঅভ্যুত্থানের পরেও সেই সংবিধানই বহাল রাখা হয়েছে। ড. ইউমূস এই সংবিধান রক্ষার জন্যই শপথ নিয়ে উপদেষ্টা সরকারের প্রধান হয়েছেন।

বারবার নিজেদের রাষ্ট্র নিজেরা গঠনের অধিকার থেকে বাংলাদেশের জনগণকে বঞ্চিত করা হয়েছে। জুলাই ঘোষণাপত্র ২০২৫ দ্বারা আবারও বঞ্চিত করা হলো বলে অভিযোগ করেন তিনি।