প্রীতি ম্যাচ হয়ে উঠলো অপ্রীতিকর

প্রীতি ম্যাচ খেলা হয় মূলত দুই ক্লাবের মধ্যে সম্প্রীতি বাড়ানো, মৌসুম শুরুর আগে নতুন-পুরনো ফুটবলাদের সমন্বয় করার জন্য। অর্থাৎ মূল ম্যাচের আগে প্রস্তুতিই মূল লক্ষ্য। তবে স্পেনের কাদিজে রিয়াল বেতিস ও কোমোর প্রীতি ম্যাচটি হয়ে উঠলো অপ্রীতিকর।

তবে স্প্যানিশ ও ইতালিয়ান ক্লাবের প্রীতি ম্যাচটি মোটেও বন্ধুত্বপূর্ণ ছিল না। এক ভিডিও ফুটেজে দেখা যায় বেতিসের খেলোয়াড় পাবলো ফোরনালস এবং কোমোর মিডফিল্ডার মক্সিমো পেরোন দ্বন্দ্বে জড়ান। এ সময় ফোরনালস চড় মারেন পেরোনকে। পেরোন পাল্টা ঘুষি মারেন ফোরনালসকে। এরপর দুই দলের খেলোয়াড়রাও মারামারিতে জড়িয়ে যান।

এ সময় একটি হাস্যকর মুহূর্তও ঘটে, বেতিসের স্ট্রাইকার কুচো হার্নান্দেজ ছুটে আসেন, কোমোর একজন খেলোয়াড়কে আঘাত করতে। তবে তিনি কোমোর খেলোয়াড়ের বদলে নিজ দলের সতীর্থ নাটানকেই আঘাত করে বসেন।

পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে রেফারি পেরোন ও হেক্টর বেলেরিনকে লাল কার্ড দেখান। বেলেরিন রেফারির উপরও ক্ষিপ্ত হয়েছিলেন। ম্যাচটি কোমো ৩-২ গোলে জেতে। কোমোর কোচ হলেন সাবেক স্প্যানিশ ফুটবলার ফাব্রিগাস। বেতিসের কোচ হলেন মান্যুয়েল পেলেগ্রিনি, তিনি আগে ম্যানসিটির কোচ ছিলেন।