বার্সেলোনা শিবিরে হানা দিয়েছে চোট। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছেন দলটির তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। নতুন মৌসুম শুরুর আগে কাতালান ক্লাবটির জন্য বড় ধাক্কা হয়ে এসেছে এই দুঃসংবাদ। ৩৬ বছর বয়সী লেভার চোটে পড়ার কথা শুক্রবার বিবৃতি দিয়ে জানিয়েছে বার্সেলোনা।
কবে ফিরতে পারেন তিনি, সেটি অবশ্য বলা হয়নি। গত মৌসুমে ৫২ ম্যাচ খেলে ৪২ গোল করেন লেভানডফস্কি। গেল মৌসুমে বার্সা জেতে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ শিরোপা।
আগামী রবিবার হুয়ান গাম্পের ট্রফিতে ইতালিয়ান ক্লাব কোমোর মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটিতে লেভাকে পাবে না বর্তমান স্প্যানিশ লিগ চ্যাম্পিয়নরা। আগামী ১৬ আগস্ট মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে বার্সেলোনা।