গোপালগঞ্জের কোটালীপাড়ায় একদিনে পৃথক ঘটনায় পানিতে ডুবে ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পূর্ব নৈয়ারবাড়ি ও হিরণ ইউনিয়নের দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতব্যক্তিরা হলেন- সজল বাড়ৈ (২০), অনুছোয়া বাড়ৈ (৭) ও ইসাহাক (৪)। সজল বাড়ৈ নৈয়ারবাড়ি গ্রামের পঙ্কজ বাড়ৈর ছেলে ও অনুছোয়া একই গ্রামের শংকর বাড়ৈর মেয়ে। অপরদিকে, ইসাহাক দক্ষিণ হিরণ গ্রামের এনায়েত হোসেন শেখের ছেলে। এদের মধ্যে সজল ও অনুছোয়া আপন চাচাতো ভাইবোন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সজল বাড়ৈ দুপুরে তার চাচাতো বোনকে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় সজল বাড়ৈর ঘাঁড়ে চড়ে অনুছোয়া সাঁতার কাটে। একটা সময় তারা পানিতে ডুবে যায়। এরপর পরিবারের লোকজন জাল টেনে পুকুর থেকে সজল ও অনুছোয়াকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে, খেলাধুলা করার সময় বাড়ির পাশের পুকুরে পাড়ে দক্ষিণ হিরণ গ্রামে ইসাহাক নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।