প্রত্যাশা নিয়ে অন্তর্র্বর্তী সরকারের কাছ থেকে বড় ধাক্কা খেয়েছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ‘দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন ও আমাদের নতুন বাংলাদেশ নামের দুটি সংগঠনের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় নুর বলেন, ‘যে সিস্টেমের কারণে আওয়ামী লীগের মতো দল তৈরি হয়েছে, শেখ হাসিনার মতো সাইকোপ্যাথ তৈরি হয়েছে তা প্রতিহত করতে হলে রাষ্ট্র সংস্কার প্রয়োজন। আগে যারা তাদের মতো চালিয়েছে, এখনো যদি কেউ তাদের মতো দেশ চালাতে চায়, তা চলবে না।’
তিনি বলেন, ‘আমরা পরিবর্তন চাই, নিজেদেরও পরিবর্তিত হতে হবে। একজন সাংবাদিককে হত্যা করা হলো, কেউ এগিয়ে আসেনি। চারপাশে অনেক মানুষ ছিল! এই ঘটনাগুলোকে পুঁজি করে কিছু করাটাও ঠিক না।’
আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘আমরা যদি ভেবে থাকি প্রশাসন ও রাজনীতিতে তাদের পুনর্বাসন করলে তারা আমাদের সহযোগিতা করবে তা ভুল হবে। আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করতে হবে? দেশে তো লোকের অভাব পড়েনি।’