ঢাকায় আংশিক মেঘলাসহ হালকা বৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ ঢাকায় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এতে গরম বাড়তে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় গরমের অনুভূতিও বাড়বে, কারণ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৯৭ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

এছাড়া শুক্রবার প্রকাশিত আবহাওয়া বার্তা অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।