কমছে কাপ্তাইয়ের পানি, ৬ ইঞ্চি নামানো হলো বাঁধের গেট

রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি গেট সাড়ে তিন ফুট উচ্চতায় খুলে দেওয়ার পর থেকে হ্রদের পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। এ পরিস্থিতিতে শুক্রবার রাতে প্রথমবারের মতো গেটের উচ্চতা ছয় ইঞ্চি কমিয়ে তিন ফুট পর্যন্ত খোলা রাখা হয়েছে।

এতে প্রতি সেকেন্ডে কর্ণফুলীতে নদীতে পানি নিষ্কাশন হচ্ছে ৫৮ হাজার কিউসেক পানি। এছাড়া বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে আরও ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

কাপ্তাই পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, হ্রদের পানি ১০৮ এমএসএল (মিনস সি লেভেল) অতিক্রম করার পর বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় পাঁচ দফায় সাড়ে তিন ফুট পর্যন্ত গেট খুলে দেওয়া হয়। এই মৌসুমে হ্রদের পানি সর্বোচ্চ ১০৮.৮৪ এমএসএল পর্যন্ত রেকর্ড করা হয়। গেট সাড়ে তিন ফুট খোলা রাখার পর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে।

গতকাল (শুক্রবার) রাত দশটায় হ্রদের পানি রেকর্ড করা হয় ১০৮.৫৪ এমএসএল। এর দুই ঘণ্টা আগে রাত আটটায় গেটের উচ্চতা ছয় ইঞ্চি কমিয়ে তিন ফুট পর্যন্ত খোলা রাখা হয়।

তিনি আরও বলেন, আশা করছি এখন ধীরে ধীরে পানি কমে আসবে। তবে পানির স্তর এখনো বিপৎসীমায় রয়েছে বলে তিনি জানান।