বিপিএল আয়োজনের দৌড়ে এগিয়ে ভারত ও ইংল্যান্ডের দুই প্রতিষ্ঠান

বেশকিছুদিন ধরেই দেশের ক্রিকেট সার্কিটে আলোচনা হচ্ছে যে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পরিচালনার দায়িত্ব ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া নিয়ে। বিসিবি শুধু ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চেয়ে বিজ্ঞাপন দিলেও দুটি প্রতিষ্ঠান পুরো বিপিএলেরই স্বত্ব নিতে চায়। আজ অনুষ্ঠিতব্য বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই বিষয়টির সুরাহা হতে পারে বলে জানা গেছে।

বিপিএলের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল বিসিবি। এতে আগ্রহ দেখায় ভারতের রিয়াল ইমপ্যাক্ট, পাকিস্তানের অ্যাপেক্স স্পোর্টস কনসালট্যাটিং, ইংল্যান্ডের আইএমজি ও অ্যাবসুলেট লেজেন্ডস স্পোর্টস, আমেরিকা ও বাংলাদেশি কোম্পানি আইপিজি গ্রুপ অ্যান্ড মাইন্ড ট্রি লিমিটেড আর ট্র্যান্সপোর্ট গ্রুপ। গত সপ্তাহে পাঁচটি প্রতিষ্ঠানের প্রেজেন্টেশন নেওয়ার পর এখন সংক্ষিপ্ত তালিকায় আছে তিনটি প্রতিষ্ঠান।

ভারতীয় প্রতিষ্ঠান রিয়াল ইমপ্যাক্ট প্রথম থেকেই বিপিএলে টিভি প্রডাকশনের কাজ করছে। বিসিবির আন্তর্জাতিক সিরিজের প্রডাকশনও করে তারা। বাংলাদেশে কাজের পূর্ব অভিজ্ঞতা থেকে অ্যাবসুলেট লেজেন্ডকে নিয়ে কনসোর্টিয়াম করে তারা বিপিএল পরিচালনার আগ্রহ দেখিয়েছে। শোনা যাচ্ছে, এই দুটি প্রতিষ্ঠানই নাকি পছন্দের তালিকায় এগিয়ে আছে। এখন বিপিএলের প্যাকেজ বিক্রি করা হবে, না ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে – সেই সিদ্ধান্ত হওয়ার কথা আজকের সভায়।

জানা গেছে, রিয়াল ইমপ্যাক্ট ও অ্যাবসুলেট লেজেন্ডস ২০ লাখ ডলারের বিনিময়ে ২০২৫-২৬ সালের বিপিএলের প্যাকেজ নিতে চায়। তারা জামানত দিতেও রাজি। এর আগে সাংবাদিকদের বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহাবুবুল আনাম বলেছিলেন, ‘বিপিএলের ইমেজ পুনরুদ্ধার, আর্থিকভাবে লাভবান এবং টেকসই বাণিজ্যিক মডেল দাঁড় করাতে সঠিক প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হবে। গেম অন যে ক্ষতি করে গেছে সে রকম কোনো ফাঁদে পড়তে চাই না।’