এশিয়া কাপ যতই ঘনিয়ে আসছে, ততই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বাড়ছে উত্তেজনা। আসন্ন আসরে তিনবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। তবে সম্প্রতি লেজেন্ডস বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারত-পাকিস্তানের দুটি ম্যাচ বাতিল হওয়ার পর আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ নিয়েও অনিশ্চয়তার গুঞ্জন শোনা যাচ্ছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান শুভান আহমেদ।
টুর্নামেন্টের সূচি অনুযায়ী আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এরপর ‘সুপার ফোর’ এবং ফাইনালেও দেখা হতে পারে দুই দলের। এ বিষয়ে শুভান আহমেদ বলেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে কিছু বলতে পারব না। তবে এতটুকু নিশ্চিত করতে পারি যে, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কোনো ঝুঁকি নেই। এশিয়া কাপের সঙ্গে লেজেন্ডস চ্যাম্পিয়নশিপের মতো ব্যক্তিগত লিগের তুলনা ঠিক নয়। সেখানে তো ভারত দুটি ম্যাচেই খেলতে রাজি হয়নি।’
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে দুই দেশের সাবেক ক্রিকেটারদের মধ্যে মতভেদ আছে। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি চান ম্যাচটি অনুষ্ঠিত হোক। তিনি সম্প্রতি বলেছেন, ‘খেলাধুলা বন্ধ করা উচিত নয়। পেহেলগামে যা ঘটেছে সেটা অবশ্যই দুঃখজনক। ভবিষ্যতে এমন না হোক সেটাই কামনা করি। অতীতেও ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। পাশাপাশি খেলাধুলাও চালিয়ে গেছে।’
ভারতের আরেক সাবেক অধিনায়ক আজহারউদ্দিন মনে করেন, ‘ভারত যদি পাকিস্তানের বিপক্ষে খেলে, তাহলে তাদেরকে সব মঞ্চেই খেলতে হবে। নাহলে কোথাও খেলার প্রয়োজন নেই। পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না খেললে আন্তর্জাতিক ম্যাচ খেলারও কোনো মানে হয় না।। এটাই আমার ব্যক্তিগত মত।’
পাকিস্তানের সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া অবশ্য এ যাত্রায় ভারতের কঠোর সমালোচনাই করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘নিজের সুবিধামতো দেশপ্রেম দেখাবেন না। লেজেন্ডস লিগে খেলতে অস্বীকৃতি জানিয়ে বললেন- সেটা নাকি জাতীয় দায়িত্ব। এখন এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে খেলতে অসুবিধা না হলে লেজেন্ডস লিগেও খেলতে পারতেন। খেলাধুলাকে খেলাধুলাই থাকতে দিন, এটা নিয়ে কূটনীতি করবেন না।’