ধর্ম উপদেষ্টা

আগামীতে মসজিদ কমিটি হবে রাজনৈতিক প্রভাবমুক্ত

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগামী দিনে মসজিদ কমিটি হবে রাজনৈতিক প্রভাবমুক্ত। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে শিগগিরই গেজেট প্রকাশ করা হবে।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর বি এম এ মিলনায়তনে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের এক সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

তিনি জানান, মসজিদ কমিটির স্বেচ্ছাচারিতা রোধে একটি নীতিমালা প্রস্তুত করা হয়েছে, যা খুব দ্রুত গেজেট আকারে প্রকাশ পাবে।

এছাড়া, বায়তুল মোকাররম সংস্কারের জন্য সরকার ১৯০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানান তিনি। তবে মূল কাঠামো অক্ষত রেখে শুধু সৌন্দর্যবর্ধন ও মেরামতের কাজ করা হবে।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে ইমাম-খতিবদের অবমূল্যায়নের কোনো সুযোগ নেই।

সম্মেলনে সংগঠনের নেতারা উপদেষ্টার কাছে ইমামদের বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবি পেশ করেন।