হাতে খুব একটা কাজ না থাকায় স্বামী সনি পোদ্দারকে নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়াচ্ছেন লাক্সকন্যা বিদ্যা সিনহা মিম। ভ্রমণ বিলাসী এই মডেল-অভিনেত্রী এবার সমদ্রকন্যা মালদ্বীপে গেছেন অবকাশ যাপনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বেশ কিছু পছন্দের ছবিও পোস্ট করছেন সেখান থেকে।
মিমের ভেরিফাযেড ফেসবেুক পেইজে এবার আরও এক গুচ্ছ স্থিরচিত্র শোভা পাচ্ছে। ওই সব ছবিতে হাস্যোজ্জ্বল এ দম্পতিকে দেখা যাচ্ছে। ছবিগুলোর ক্যাপশনে মিম লেখেন, ‘আমাদের ভালোবাসা সমুদ্রের মতো গভীর।’
শুক্রবার (৮ আগস্ট) রাতে করা মিমের পোস্টটি নেটিজেনদের নজর কেড়েছে। ইতোমধ্যে পোস্টটিতে প্রায় ১০ হাজার রিয়্যাক্ট পড়েছে। কমেন্ট পড়েছে আড়াইশর বেশি।
পোস্টের কমেন্টে মিমের এক ভক্ত লিখেছেন, ‘দুজনকে অনেক সুন্দর লাগছে।’ আরেকজন আবার ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে লিখেছেন, ‘স্বপ্নের মতো সুন্দর’।
দীর্ঘদিন ধরেই সিনেমা নিয়ে পর্দায় নেই বিদ্যা সিনহা মিম। ২০২২ সালের আলোচিত ‘পরাণ’ সিনেমার পর তাকে আর সেভাবে দেখা যায়নি। এরপর তার অভিনীত ‘দামাল’ নামে একটি সিনেমা মুক্তি পেলেও এর রেসপন্স খুব একটা সুবিধাজনক ছিল না।