ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ৫ কোটির বেশি টাকার শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগে সাবেক উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার ও সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তারকে শুনানিতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
ময়মনসিংহ স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক লুৎফুন নাহারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামীকাল রোববার (১০ আগস্ট) তাদের স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এছাড়া সাবেক ইউএনও মো. এরশাদুল আহমেদকেও শুনানিতে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে সারমিনা সাত্তার নান্দাইল উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন। আয়েশা আখতার হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় প্রকৌশলী হিসেবে কর্মরত। অন্যদিকে, এরশাদুল আহমেদ জাতীয় পেনশন কর্তৃপক্ষে ব্যবস্থাপক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে কর্মরত রয়েছেন।
গত ১৯ এপ্রিল একটি জাতীয় দৈনিকে ঈশ্বরগঞ্জে ১০০টির বেশি প্রকল্পে তহবিল লুটপাটের অভিযোগে সংবাদ প্রকাশিত হয়। এ ঘটনায় তদন্তের অংশ হিসেবেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুনানির নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে ৫ কোটির বেশি টাকার এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে।