রাতারাতি নেতৃত্ব ফিরে পেলেন স্টেগান; কীভাবে হলো আপসরফা?

বার্সেলোনার নেতৃত্ব হারানোর একদিন পরই আবারও ফিরে পেয়েছেন টের স্টেগান। এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, টের স্টেগান তার অস্ত্রোপচার সংক্রান্ত মেডিকেল রিপোর্ট লা লিগার কাছে পাঠানোর অনুমোদন দেওয়ার পর ক্লাবও নেতৃত্ব বদলের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। এই মেডিক্যাল রিপোর্ট নিয়েই ৩৩ বছর বয়সী এই জার্মান গোলকিপারের সঙ্গে ঝামেলার শুরু বার্সা কর্তৃপক্ষের।

এস্পানিওল থেকে গোলকিপার হোয়ান গার্সিয়াকে দলে ভেড়ানোর পর স্টেগানকে বিক্রি করে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছিল বার্সেলোনা। কিন্তু স্টেগান বার্সা ছাড়তে নারাজ। এর মধ্যেই তার পিঠের অস্ত্রোপচার ক্লাবের পরিকল্পনায় বড় ধাক্কা দেয়, বিক্রির পথও বন্ধ হয়ে যায়। বার্সেলোনা চেয়েছিল টের স্টেগানকে দীর্ঘমেয়াদি চোটের তালিকায় রাখতে। এটা নিয়েই ক্লাবের সঙ্গে দ্বন্দ্বে জড়ান স্টেগান। গত বৃহস্পতিবার তাকে নেতৃত্ব থেকেও সরানো হয়।

লা লিগার নিয়মানুযায়ী, অন্তত চার মাস মাঠের বাইরে থাকলে সেটি ‘লং টার্ম ইনজুরি’ ধরা হয়, যা ক্লাবকে পারিশ্রমিকের ৫০-৮০ শতাংশ ছাড় দেয় এবং নতুন খেলোয়াড় নিবন্ধনে সহায়তা করে। কিন্তু টের স্টেগান দাবি করেন, তাকে তিন মাস মাঠের বাইরে থাকতে হবে। তাই এটা দীর্ঘমেয়াদি চোট হিসেবে গণ্য হবে না। এরপরই গত বৃহস্পতিবার বার্সেলোনা জানায়, শৃঙ্খলাভঙ্গের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত টের স্টেগান অধিনায়ক থাকবেন না।

এই ঘটনার পরদিন গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে স্টেগান বলেন, ‘চিকিৎসকদের সঙ্গে আলোচনার পর এবং ক্লাবের অনুমতি নিয়েই আমার অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়েছিল। আমি যে সময়ের কথা বলেছিলাম, সেটি ছিল সর্বনিম্ন সম্ভাব্য সময়। খ্যাতিমান বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই সেটা বলেছি।’ এই বক্তব্যের পরই স্টেগানকে পুনর্বহালের সিদ্ধান্ত নেয় রিয়াল। বিনিময়ে তার অস্ত্রোপচার সংক্রান্ত মেডিকেল রিপোর্ট লা লিগার কাছে পাঠানোর অনুমোদন দেন স্টেগান।