‘অযোগ্যদের হাতে দল’ শিবচরে এনসিপির ৪ নেতার পদত্যাগ

মাদারীপুরের শিবচরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটির ৪ সদস্য পদত্যাগ করেছেন। শনিবার (৯ আগস্ট) বিকেল ৫টার দিক শিবচর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের কথা জানান।

এ সময় পদত্যাগ করা কমিটির যুগ্ম সমন্বয়কারী শাকিল খান, সদস্য মো. রিয়াজ রহমান, মহিউদ্দিন, কাজী রফিক বলেন, আমরা শিবচর উপজেলার কর্মী হিসেবে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। দেশের কল্যাণ এবং একটি নতুন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা যোগ দিয়েছিলাম। পরবর্তীতে এই কমিটি রাজনৈতিক সংগঠনের নামে পরিচিতি লাভ করলে আমরা স্বয়ংক্রিয়ভাবে দলে অন্তর্ভুক্ত হই।

তারা আরও বলেন, দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি, শিবচর থানায় দল পরিচালনার দায়িত্ব কিছু অযোগ্য ও বিতর্কিত ব্যক্তির হাতে ন্যস্ত করা হয়েছে, যারা আদর্শিক, নৈতিক ও সাংগঠনিকভাবে সম্পূর্ণ অযোগ্য। এর ফলে দলের প্রকৃত, নিষ্ঠাবান ও ত্যাগী কর্মীরা যথাযথ মর্যাদা ও মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ ধরনের নেতৃত্বের মাধ্যমে শিবচরের ইতিবাচক পরিবর্তন বা টেকসই উন্নয়ন সম্ভব নয়।

পদত্যাগী চার নেতা বলেন, আমরা কোনো রাজনৈতিক পরিবার থেকে আসিনি। কোটা আন্দোলনসহ বিভিন্ন সময়ের গণআন্দোলনে ছাত্রসমাজের পাশে থেকে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। যদিও রাজনীতিতে আমাদের অভিজ্ঞতা সীমিত, তবুও দেশপ্রেম ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা দলে যুক্ত হয়েছিলাম। কিন্তু বর্তমান দলের অভ্যন্তরীণ বাস্তবতা এবং পারিবারিক চাপে আমরা মানসিকভাবে বিপর্যস্ত। এই প্রেক্ষাপটে দীর্ঘ আত্মবিশ্লেষণ ও গভীর চিন্তার পর আমরা সজ্ঞানে জাতীয় নাগরিক পাটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

এ সময় তারা অনিচ্ছাকৃত ভুল-ত্রুটির জন্য সকলের নিকট ক্ষমাপ্রার্থনা করেন।