শাফিন-জুয়েল স্মরণে ‘স্মৃতিতে সুরের সারথি’

গত বছরের জুলাইয়ে আমরা হারিয়েছি সংগীত অঙ্গনের দুই গুণী শিল্পী শাফিন আহমেদ ও হাসান আবিদুর রেজা জুয়েলকে। তাদের স্মরণে সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, গীতিকবি সংঘ বাংলাদেশ ও মিউজিক কম্পোজার্স সোসাইটি বাংলাদেশ আয়োজন করে ‘স্মৃতিতে সুরের সারথি’। গতকাল শনিবার বিকেল ৫টায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে সহকর্মীরা স্মরণ করেন শাফিন ও জুয়েলকে। গীতিকবি সংঘের সাধারণ সম্পাদক ও সিঙ্গার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক জয় শাহরিয়ার বলেন, ‘শাফিন ভাই ও জুয়েল ভাই আমাদের সবার কাছের মানুষ ছিলেন। গত বছর আমরা হারিয়েছি তাদের। কয়েক দিন আগে দুজনের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল। এই দুই গুণীকে সংগীত জগতের সবাই মিলে স্মৃতিকথনে স্মরণ করলাম।’