যার সঙ্গে প্রেমের গুঞ্জন, তার হাতেই রাখি পরলেন সিরাজ

ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের নাতনি জনাই ভোঁসলের সঙ্গে পেস তারকা মোহাম্মদ সিরাজের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। এমন কথাও শোনা যাচ্ছিল যে, তারা নাকি ডেট করছেন। এবার ইংল্যান্ড সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারিকে দেখা গেল জনাইয়ের থেকে রাখি বাঁধাতে!

গতকাল শনিবার রাখিবন্ধন উপলক্ষে ভারতের প্রায় সব ক্রিকেটারই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করেছেন। সেই তালিকায় ছিলেন মোহাম্মদ সিরাজও। জনাই নিজেই ভিডিওটি পোস্ট করেন। ব্যাকগ্রাউন্ডে অরিজিৎ সিংয়ের একটি গান যুক্ত করে ক্যাপশনে লেখেন- ‘এর চেয়ে ভালো রাখি হতেই পারে না।’ সেই পোস্টে লাইক দিয়েছেন রিশাভ পান্তও।কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের সঙ্গে জনাই ভোঁসলে।

এর আগে সিরাজ ও জনাইয়ের একটি ছবি ঘিরে গুঞ্জন তৈরি হয়েছিল— তারা নাকি একে অপরকে ডেট করছেন। তবে কিছুদিনের মধ্যেই সেই জল্পনা থেমে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে সিরাজ জানান, তাদের সম্পর্ক ভাই-বোনের মতো। এবার রাখিবন্ধনের ছবি সেই বিষয়টি আরও স্পষ্ট করে দিল।

এদিকে, ইংল্যান্ড সিরিজে সিরাজের বোলিংয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম, ‘কাজ না থাকলে আমি খুব একটা ক্রিকেট দেখি না। তবে ওভাল টেস্টের পঞ্চম দিন আগ্রহ নিয়ে খেলা দেখতে বসেছিলাম। সিরাজ যেভাবে ক্ষুধা ও আবেগ নিয়ে বোলিং করছিল, সেটা অসাধারণ। পাঁচ টেস্টে ১৮৬ ওভার বল করা এবং শেষ দিনেও সেই ভয়ঙ্কর স্পেল করার জন্য প্রচুর শারীরিক ও মানসিক শক্তির প্রয়োজন।’