মোহাম্মদ শামির বিশ্বরেকর্ড ভেঙে দিলেন শাহিন আফ্রিদি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে সিরিজে দারুণ সূচনা করেছে পাকিস্তান। সেই ম্যাচেই বিশ্বরেকর্ড গড়েছেন শাহিন শাহ আফ্রিদি। ৫১ রানে ৪ উইকেট শিকার করে দলকে জেতানোর পাশাপাশি রেকর্ডবুকেও জায়গা করে নিয়েছেন এই পাকিস্তানি পেসার। বর্তমানে ওয়ানডে ক্রিকেটে সেরা স্ট্রাইক রেট এখন শাহিনের দখলে।

পূর্ণ সদস্য দেশের অন্তত ১০০ উইকেটধারী বোলারদের মধ্যে শাহিনের স্ট্রাইক রেট সবার সেরা— ২৫.৪। দ্বিতীয় স্থানে আছেন ১০৮ ম্যাচে ২০৬ উইকেট শিকার করা ভারতীয় পেসার মোহাম্মদ শামি (২৫.৮)। অন্যদিকে শাহিনের সংগ্রহ ৬৫ ম্যাচে ১৩১ উইকেট। তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, যার স্ট্রাইক রেট ২৬.৬৮। অবশ্য এই রেকর্ড ধরে রাখতে হলে ৬৭তম ম্যাচে শাহিনকে পৌঁছতে হবে অন্তত ১৩৩ উইকেটে, নইলে শীর্ষস্থানে উঠে যাবেন স্টার্ক।

পাকিস্তানের অনেক কিংবদন্তি পেসারের মতো শাহিনও রিভার্স সুইংয়ে দক্ষ। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী ওয়ানডেতে এখন ৩৪তম ওভার থেকে কেবল একটি বল ব্যবহার করা হয়, যা রিভার্স সুইংয়ের সুযোগ ফিরিয়ে দিয়েছে। এর সুবিধা নিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি উইকেট তুলে নেন শাহিন। উল্লেখ্য, আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ২৮০ রান তুলেছিল। রান তাড়ায় ৫ উইকেটে জিতে যায় পাকিস্তান।