আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির মাঠে ফেরা দীর্ঘায়িত হচ্ছে। অরল্যান্ডো সিটির বিপক্ষে তার খেলা হবে না বলে নিশ্চিত করেছেন ইন্টার মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাশ্চেরানো। তার মতে, ব্যস্ত সূচির মধ্যে এই ম্যাচে মেসিকে নামানো অযথা ঝুঁকি হবে। বাংলাদেশ সময় আগামী সোমবার সকালে অরল্যান্ডো সিটির মাঠে খেলবে মায়ামি।
গত ২ আগস্ট লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচের একাদশ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি। পরে পরীক্ষা করে জানা যায়, তার ডান পায়ের পেশিতে সামান্য চোট আছে। সেই চোট সারতে কতদিন লাগবে সে বিষয়ে মায়ামি কর্তৃপক্ষ নির্দিষ্ট করে কিছু জানায়নি। তবে জানা গিয়েছিল যে, এই চোট বড় কিছু নয়।
মেসিকে ছাড়াই গত বুধবার মেক্সিকোর পুমাস ইউএনএএমকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের শেষ আটে পৌঁছে গেছে মায়ামি। এবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাশ্চেরানো বললেন, ‘লিও আগামীকাল (সোমবার) খেলবে না। সে ভালো আছে, তবে সামনে ব্যস্ত সূচি থাকায় তাকে অরল্যান্ডো নিয়ে যাওয়ার ঝুঁকি নেওয়া বোকামি হবে। আশা করছি, শিগগিরই দলে ফিরবে।’
উল্লেখ্য, অরল্যান্ডোর মাঠে খেলার পর আগামী ১৬ আগস্ট এমএলএসে এলএ গ্যালাক্সির মুখোমুখি হবে মায়ামি। তিন দিন পর লিগস কাপের কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ টাইগ্রেস ইউএএনএল। এই ম্যাচ দুটিতে মেসিকে দেখা যাবে কিনা সেটাও নিশ্চিত করে বলতে পারেননি ইন্টার মায়ামি কোচ।