এসএসসির পুনঃনিরীক্ষায় ঢাকা বোর্ডে ২৯৩ জন পাস, জিপিএ-৫ পেয়েছে ২৮৬ জন

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল আজ প্রকাশ করা হয়েছে।

এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে নতুন করে ২৯৩ জন শিক্ষার্থী ফেল থেকে পাসে উত্তীর্ণ হয়েছেন।

জিপিএ-৫ অর্জন করেছেন ২৮৬ জন। তাদের মধ্যে তিনজন এমনও আছেন, যারা প্রথম প্রকাশিত ফলাফলে ফেল করেছিলেন, কিন্তু পুনঃনিরীক্ষায় সরাসরি জিপিএ-৫ পেয়েছেন।

আজ রবিবার সকাল ১০টায় ফলাফল ঘোষণা করেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, http://www.dhakaeducationboard.gov.bd ওয়েবসাইট থেকে ফলাফল পাওয়া যাবে।

গত ১০ জুলাই প্রকাশিত ফলাফলে দেখা যায়, সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।

এবার এসএসসিতে পাসের হার ৬৮.০৪ শতাংশ, যেখানে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ২৫ হাজার ১৮ জন।

দাখিলে পাসের হার ৬৮.০৯ শতাংশ, মোট জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ৯ হাজার ৬৬ জন।

কারিগরিতে পাসের হার ৭৩.৬৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী।