আর্থিক খাতে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক হস্তক্ষেপ রোধে উদ্যোগ নিচ্ছি: গর্ভনর

রাজধানীর একটি হোটেলে রবিবার (১০ আগস্ট) সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত 'অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন' শীর্ষক এক আলোচনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, আর্থিক খাতে রাজনৈতিক বা আমলাতান্ত্রিক হস্তক্ষেপ রোধ করতে বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নিচ্ছে। অতীতের দুর্বৃত্তায়ন যেন না ফিরে আসে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। ব্যাংকিং খাতের পুনর্গঠনে আমাদের উদ্যোগগুলো বাস্তবায়নে জোর দেওয়া হয়েছে।

তিনি বলেন, গত এক বছরে আর্থিক খাতে স্থিতিশীলতা এসেছে, যদিও রাজনৈতিক ও নিরাপত্তা খাতে তা পুরোপুরি ফিরে আসেনি। তবে বর্তমানে বাজারে পণ্যের ঘাটতি নেই, পরিস্থিতির উন্নতি হয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা না এলে বিনিয়োগ বাড়বে না। বিনিয়োগ আসতে সময় লাগবে।

মূল্যস্ফীতি প্রসঙ্গে গভর্নর বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ জটিল প্রক্রিয়া। এটি কোনো মাসে কমবে, আবার কোনো মাসে বাড়তে পারে। আমরা এটিকে উল্লেখযোগ্য হারে কমিয়েছি এবং ৫ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করছি।

ভবিষ্যতে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ কার্যকর হলে কোনো ব্যাংক সংকটে পড়লে বাংলাদেশ ব্যাংক সহায়তা করতে পারবে বলেও জানান তিনি। তিনি বলেন, সরকারি-বেসরকারি সব ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এতে ব্যাংকিং খাতের তদারকি ও পরিচালনা আরও শক্তিশালী হবে।

এ সময় এজেন্ট ব্যাংকিং, স্কুল ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, হাউজ লোন এবং কিউআর কোডের উন্নয়নের মতো নতুন উদ্যোগগুলোর কথাও তুলে ধরেন গভর্নর।