মাঝখানে টিভি নাটক কমিয়ে দিয়ে ওয়েব সিরিজ ও সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন ছোটপর্দার শীর্ষ চাহিদাসম্পন্ন মডেল-অভিনেতা আফরান নিশো। ২০২৩ সালে ‘সুড়ঙ্গ’ এবং চলতি বছর ‘দাগি’ সিনেমা মুক্তির পর নতুন কোনো সিনেমায় অভিনয় করেননি এই তারকা। যদিও গত ঈদে শাকিব খানের ‘তান্ডব’ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গেছে তাকে। তবে ‘সুড়ঙ্গ’র সিক্যুয়াল ‘সুড়ঙ্গ-২’ ছবিতে অভিনয় করার কথা রয়েছে তার।
কিন্তু হাঁটুর সমস্যার কারণে স্বাভাবিক চলাচল করলেও অ্যাকশন ঘরানার এই সিনেমায় শুটিং করতে পারছেন না তিনি। নিশো জানান, দীর্ঘ শুটিংয়ের জন্য শারীরিকভাবে তাকে শতভাগ ফিট থাকা দরকার। ফলে ‘সুড়ঙ্গ-২’র শুটিংয়ের আগে তাকে হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে।এই ফাঁকে প্রায় ৩ বছর পর ‘আঁকা’ নামের একটি সিরিজ দিয়ে আবারও ওয়েব দুনিয়ায় ফিরছেন আফরান নিশো। ভিকি জাহেদের পরিচালনার এই সিরিজে নিশোর সঙ্গী হয়েছেন মাসুমা রহমান নাবিলা।
এর আগে ‘পুণর্জন্ম’, ‘প্রায়শ্চিত্ত’, ‘শেষ দেখা’, ‘চম্পা হাউস’, ‘রেডরাম’, ‘ভুলজন্ম’সহ অনেক কাজে ভিকি জাহেদের পরিচালনায় অভিনয় করেছেন আফরান নিশো। আকা সিরিজের মাধ্যমে আবারও একত্র হয়েছেন এই অভিনেতা-নির্মাতা জুটি।
আঁকা সিরিজের শুটিং হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে। ন্যায়-অন্যায়, শোধ-প্রতিশোধ, সাসপেন্স ও রহস্যের মিশেলে নির্মিত হয়েছে সিরিজটি।
নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘আগে অনেক থ্রিলার বানিয়েছি, কিন্তু এই প্রথম একটা সোশ্যাল থ্রিলার নির্মাণ করলাম। নিশো ভাইয়ের সঙ্গে এর আগে অনেক কাজ করেছি, তবে এই প্রথম কোনো সিরিজ করলাম আমরা। উনার সঙ্গে কাজের অভিজ্ঞতা সব সময়ই স্পেশাল। সব মিলিয়ে আকা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সিরিজ হতে যাচ্ছে।’
আগামী মাসেই হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিরিজটি।