খুলনায় ৩৭৫ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

খুলনায় অবৈধ মজুদের অভিযোগে ৩৭৫ বস্তা সার জব্দ ও দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে এ অভিযান চালানো হয়। 

ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী এ অভিযান পরিচালনা করেন। 

আদালত সূত্র জানা যায়, ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে সার বিক্রি না করে অবৈধভাবে মজুদ করার অভিযোগে রবিবার বেলা ১১টায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। আদালত যতিন কাশেম রোডের বাদামতলা মোড় এলাকায় মেসার্স জালাল ট্রেডার্সের মালিক জাহিদুল ইসলাম মোড়লকে নগদ ১০ হাজার টাকা জরিমানাসহ ২৮০ বস্তা ইউরিয়া সার, ৪৬ বস্তা টিএসপি সার, ২০ বস্তা ডিএপি সার ও ২৯ বস্তা এমওপি মজুদ সার জব্দ করে। এছাড়া কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে সার বিক্রি না করার অপরাধে ও স্টক রেজিস্টার ব্যবহার না করায় মালতিয়া বাজারের মেসার্স সুকর্ণ ট্রেডার্সের মালিক সুকর্ণ কুমার ঘোষকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী জানান, জনস্বার্থে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত সার চুকনগর বাজার কমিটি ও ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে।