ডারউইনের ম্যারারা ওভাল ক্রিকেট গ্রাউন্ডে আন্তর্জাতিক ক্রিকেট তেমন একটা হয় না বললেই চলে। ১৭ বছর পর ডারউইনে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। সেই ফেরাটা জয় দিয়েই রাঙালো অস্ট্রেলিয়া্। আজ রবিবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়া ১৭ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
১৭ বছর আগে ডারউইনে হওয়া শেষ আন্তর্জাতিক ম্যাচটি ছিল বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার।
রবিবার টস হেরে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ১৭৮ রানে অলআউট হয়। জবাবে প্রোটিয়াদের ইনিংস থামে ৯ উইকেটে ১৬১ তে।
ব্যাট করতে নেমে একটা সময় ৭.৪ ওভারে অজিদের স্কোর ছিল ৬ উইকেটে ৭৫ রান। সেই রানের মধ্যে গ্রিন একাই করেন ৩৫ রান। তবে স্বাগতিকদের লড়াইয়ের পুঁজি এনে দেন টিম ডেভিড।
৫২ বলে ৮৩ রানের ইনিংস খেলেন ডেভিড। তার ইনিংসে ছিল ৪টি চার ও ৮ ছক্কা। টিম ডেভিডের এটি সপ্তম টি-টোয়েন্টি ফিফটি। শেষ দিকে বেন ডোয়ারশুইস এর ১৯ বলে ১৭ এবং নাথান এলিসের ১১ বলে ১২ রানও অজিদের সংগ্রহ বড় করে।
জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকা পাওয়ার প্লের মধ্যে হারায় ৩ উইকেট। চতুর্খ উইকেটে স্টাবস ও রায়ান রিকেলটনের ৭২ রানে জুটি জয়ের আশা দেখায় দক্ষিণ আফ্রিকাকে। স্টাবস ২৭ বলে ৩৭ রান করে ফিরলে জুটি ভাঙে। রিকেলটন ক্রিজে থাকলেও বাকি পথটা কঠিন হয়ে পড়ে যোগ্য সঙ্গীর অভাবে। ৫৫ বলে ৭১ রান করা রিকেলটন ফিরলে জয় হাতের মুঠোয় চলে আসে অস্ট্রেলিয়ার।
টিম ডেভিড হন ম্যাচসেরা।