রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন আরও দুইজন। এরা হলেন স্কুলটির শিক্ষার্থী ইউশা (১১) ও শিক্ষিকা সুমাইয়া লরিন (৩০)। এ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সুস্থ হয়ে বাসায় ফিরলেন মোট ১৪ জন।
আজ রবিবার (১০ আগস্ট) ইনস্টিটিউটের চিকিৎসক দল তাদেরকে ছাড়পত্র দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, শিক্ষিকা লরিনের শরীরের ১৮ শতাংশ দগ্ধ হয়েছিল। আর ইউশার ১০ শতাংশ। চিকিৎসক দলের সিদ্ধান্ত মতে আজ তাদের দুজনকে ছুটি দেওয়া হয়েছে।
তিনি জানান, দুর্ঘটনাটিতে এখনও ২৪ জন দগ্ধ রোগী এখানে চিকিৎসাধীন আছেন। এখন পর্যন্ত ইনস্টিটিউটে মারা গেছেন মোট ১৮ জন।