বগুড়ায় গণশুনানিতে অভিযোগ গ্রহণ না করায় ক্ষোভে এক বৃদ্ধ দুর্নীতি দমন কমিশন-দুদকের চেয়ারম্যানের দিকে জুতা নিক্ষেপ করেছেন।
রবিবার (১০ আগস্ট) দুপুরের দিকে বগুড়ার টিটু মিলনায়তনে এ ঘটনা ঘটে। নিক্ষেপ করা জুতাটি দুদক চেয়ারম্যান বসে থাকা মঞ্চের নিচে পড়ে।
জুতা নিক্ষেপকারী ব্যক্তির নাম ছাকোয়াত হোসেন মণ্ডল। তিনি মৎস্যচাষি।
দীর্ঘদিন বিভিন্ন জায়গায় প্রতারিত হয়ে প্রতিকার না পেয়ে তিনি হতাশ হয়ে পড়েন। পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাপ্রধানের দপ্তরে অভিযোগ করেও কোনো সুরাহা পাননি। শেষ চেষ্টা হিসেবে তিনি বগুড়ায় দুদকের গণশুনানিতে অভিযোগ জমা দিতে যান। কিন্তু সেখানেও তার অভিযোগ গ্রহণ করা হয়নি। গণশুনানি চলাকালে ছাকোয়াত হোসেন হঠাৎ ক্ষিপ্ত হয়ে দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের দিকে নিজের পায়ের জুতা নিক্ষেপ করেন।
ঘটনার পরপর উপস্থিত কর্মকর্তারা তাকে সরিয়ে দেন। জুতা নিক্ষেপের কারণ জানতে চাইলে ছাকোয়াত সাংবাদিকদের বলেন, সব দপ্তরে অভিযোগ দিয়েও বিচার পাইনি। মানবাধিকার কমিশন দুইবার আমার পক্ষে রায় দিলেও কোনো কাজ হয়নি। দুদকের এ অনুষ্ঠানে শুধু সদর থানার অভিযোগ নিচ্ছে, আমারটা নিচ্ছে না। এ আক্ষেপেই আমি জুতা নিক্ষেপ করেছি। এতে যদি আমার জেল হয়, আমি জেলে যেতেও প্রস্তুত।
অভিযোগের বিষয়ে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন জানান, ওই ব্যক্তি সঠিক পদ্ধতিতে হয়তো আবেদন করেননি তাই তার অভিযোগের বিষয়ে আমরা অবগত নই।