ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আগামী ১৪ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রী অভিনীত বহুল প্রত্যাশিত সিনেমা ‘ধূমকেতু’। এই ছবির মাধ্যমে প্রায় এক যুগ পর জুটিবদ্ধ অবস্থায় পর্দায় দেখা মিলবে সাকেব প্রেমিক-প্রেমিকা দেব ও শুভশ্রীকে। বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরেই সরগরম টলিপাড়া। চলছে নানান রকম চর্চা। তবে এসব চর্চিত বিষয়কে দূরে রেখে অগ্রিম বুকিংয়ে ঝড় তুলল ‘ধূমকেতু’।
ব্যাপারেটিকে আশীর্বাদ উল্লেখ করে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করছেন সিনেমার নায়ক দেব। গতকাল রোববার দুপুরে একটি পোস্টের স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নিয়ে দেব লিখেছেন, ‘এমনি নয়, এটা বাস্তব। কোনো শো না পাওয়া থেকে একাধিক শো পাওয়া অবধি এই জার্নি। সবটাই দর্শকের চাহিদায়। আগামী ১৪ আগস্ট থেকে সমস্ত সিনেমাহলে।’
এই পোস্ট থেকেই বোঝা যাচ্ছে যে, ‘ধূমকেতু’র একাধিক শো টাইম বেড়েছে এবং এখনও দর্শক এই ছবির আরও শো বাড়ানোর অনুরোধ করছেন। সেই ইতিবাচক পোস্টই নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দেব। ওই পোস্টে দেখা যাচ্ছে কলকাতার প্রিয়া সিনেমাহলের কর্ণধার অরিজিৎ দত্তকে মন্তব্য করতে। তিনি লিখেছেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য যেভাবে ছবির অ্যাডভান্স বুকিং হয়েছে।’
উল্লেখ্য, ইতোমধ্যেই ‘ধূমকেতু’র প্রায় সাড়ে ছ’হাজারের বেশি অ্যাডভান্স টিকিট বুকিং হয়েছে। সেই আপডেট ইতোমধ্যেই নিজেদের স্যোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছে প্রযোজক রানা সরকার ও দেব।