চোর সন্দেহে তিনজনকে গণপিটুনি, একজনের চোখ তুলে ফেলার চেষ্টা

মাদারীপুরে সংঘবদ্ধ চোর চক্রের ৩ সদস্যকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। এ সময় জাকির শেখ (৫০) নামে এক চোরের দুই চোখ তুলে ফেলার চেষ্টা করে বিক্ষুব্ধরা। পরে ৩ জনকেই পুলিশের হাতে সোপর্দ করে এলাকাবাসী।

রবিবার (১০ আগস্ট) ভোর রাতে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।  

আহত জাকির শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকার ওয়াজেদ শেখের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আজ রবিবার বিকেলে চুরি মামলা দায়ের করে দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন- একই এলাকার আলতা মাতব্বরের ছেলে ইসরাফিল মাতব্বর (৪০) ও পার্শ্ববর্তী শ্রীনদী রায়েরকান্দি গ্রামের সিরাজ শিকদারের ছেলে বাবুল শিকদার (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরি-ডাকাতি রোধে সদরের ‘পশ্চিম মাঠ বাঘাবাড়ি’ এলাকায় নিয়মিত পাহারার অংশ হিসেবে দায়িত্ব পালন করে স্থানীয় যুব সমাজ। শনিবার মধ্যরাতে ওই এলাকায় তিন যুবকের রহস্যজনক চলাফেরা দেখতে পেয়ে ধাওয়া দেন পাহারাদাররা। একপর্যায়ে তিন যুবককে আটক করে গণপিটুনি দেওয়া হয়। এ সময় জাকির শেখ নামে এক যুবকের দুচোখ উৎপাটনের চেষ্টা করেন বিক্ষুব্ধরা। 

খবর পেয়ে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) বেল্লাল হোসেন ঘটনাস্থলে যান এবং তিনজনকেই হেফাজতে নেন। পরে তাদের সদর মডেল থানায় পাঠানো হয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় জাকিরকে প্রথমে মাদারীপুর জেলা সদরের ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। অপর দুইজনের বিরুদ্ধে চুরি মামলা দায়ের করে জেল হাজতে পাঠিয়েছে সদর মডেল থানার পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, তারা চুরি করতে গিয়ে ধরা পড়েছে। তাদের বিরুদ্ধে চুরি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় দুইজন গ্রেপ্তার রয়েছে। আরেকজনের বিষয় কিছু জানি না।