লোকোমোটিভ ক্রয়ের স্পেসিফিকেশন যাচাইয়ে তদন্ত কমিটি

বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ লোকোমোটিভ ক্রয়ের প্রস্তুত করা খসড়া স্পেসিফিকেশন যাচাই-বাছাইয়ের জন্য রেলপথ মন্ত্রণালয় একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. শেখ মইনউদ্দিন। সদস্য সচিব করা হয়েছে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালককে (রোলিং স্টক)। কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মহাপরিচালক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের একজন অধ্যাপক। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে। গতকাল রবিবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।